ডিবি হেফাজত থেকে শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিনিধি:

হাসপাতালে চিকিৎসাধীন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ তিন সমন্বয়কের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকলে কেন তাঁদের পরিবারের কাছে না দিয়ে ডিবি হেফাজতে নেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি দল। শনিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থীর খোঁজখবর নিতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান এই শিক্ষকেরা।

শুক্রবার (২৬ জুলা্নই) নিরাপত্তাজনিত সমস্যা দেখিয়ে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এই শিক্ষকেরা বলেন, তুলে নিয়ে নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় থাকা শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কোনো বিষয় থাকলে পরিবারের কাছে না দিয়ে কেন ডিবি হেফাজতে নেওয়া হলো? এতে তিন শিক্ষার্থীর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। পাশাপাশি আন্দোলনে নেতৃত্ব দেওয়া এই তিন সমন্বয়ককে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানান শিক্ষকেরা।

শনিবার বিকেল চারটার দিকে শিক্ষকদের দলটি মিন্টো রোডের ডিবি কার্যালয়ের ফটকে যায়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক উপস্থিত ছিলেন। তাঁরা ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের’ সদস্য। তাঁরা ঢাকা মহানগর ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাতের জন্য ভেতরে প্রবেশ করতে চান। তখন ডিবি কার্যালয়ের অভ্যর্থনার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা অনুমতি লাগবে, জানিয়ে শিক্ষকদের অপেক্ষা করতে বলেন। তবে বৈঠকের কথা বলে তাদের সঙ্গে ডিবি প্রধান সাক্ষাত করেননি।

এরপর অভ্যর্থনাকক্ষ থেকে বেরিয়ে এসে বিকেল সাড়ে চারটার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ডিবির ফটকে কথা বলেন শিক্ষকেরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, ‘আমরা জেনেছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে হাসপাতাল থেকে অধিকতর নিরাপত্তার জন্য ডিবির হেফাজতে নিয়ে আসা হয়েছে। হাসপাতাল থেকে তাঁদের এখানে আনা হলো কেন, শুধু এটা জানতেই আমরা এসেছিলাম। তখন এখানকার অফিসপ্রধান (ডিবিপ্রধান) ভেতরেই ছিলেন এবং তাঁকে খবরও দেওয়া হয়েছে। কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা করেননি।’

অধ্যাপক গীতি আরা নাসরীন আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকও। কাজেই আমাদের ছাত্ররা ঠিকমতো আছে কি না, সেই খবর তো কারও গাড়ি আটকে জিজ্ঞেস করার কথা না। এ বিষয়গুলো খুবই স্বচ্ছ হওয়ার কথা। তিনি (ডিবিপ্রধান হারুন) কথা না বলে গাড়ি নিয়ে চলে গেছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের চিকিৎসা, নিরাপত্তাসহ সব বিষয় নিয়েই উদ্বিগ্ন। এ জন্যই আমরা খোঁজ নিতে এসেছি, শিক্ষার্থীদের কী নিরাপত্তার অভাব হলো? ডিবি শিক্ষার্থীদের তো আমাদের জিম্মায়ও দিতে পারত। কিন্তু তিনি (ডিবিপ্রধান হারুন) তো আমাদের সঙ্গে দেখাই করলেন না।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here