নতুন র‍্যাব মহাপরিচালক

 

 

র‌্যাব-এর নতুন মহাপরিচালকের হিসেবে অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম এর দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ৫ জুন র‌্যাব ফোর্সেস এর ১০ম মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। অতিঃ আইজিপি এম খুরশীদ হোসেন, বিপিএম (বার), পিপিএম চাকুরী শেষে স্বাভাবিক অবসরে গমন করায় তিনি র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক পদে স্থলাভিষিক্ত হলেন।

র‌্যাব ফোর্সেস এর দায়িত্বভার গ্রহণ করে অতিঃ আইজিপি ব্যারিস্টার জনাব মোঃ হারুন অর রশিদ, বিপিএম ৫ জুন সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদানসহ বনানী কবরস্থান ও রাজারবাগ পুলিশ লাইন্স এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরবর্তীতে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা অতিঃ আইজিপি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। অতিঃ পুলিশ সুপার থাকাকালীন ইমিগ্রেশন ও পুলিশ সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে তিনি পিরোজপুর জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেন। অতিঃ ডিআইজি পদে থাকাকালীন পুলিশ সদর দপ্তরে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে পুলিশি সেবা আধুনিকায়নের জন্য তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি, বিডি পুলিশ হেল্প লাইন (৯৯৯ সেবা) এবং সিআইএমএস কার্যক্রম সম্পন্ন হয়েছে। তিনি ২০০৮ হতে ২০১০ সাল পর্যন্ত পুলিশ সদর দপ্তর এ আইজি, ইউ এন এফেয়ারস এর দায়িত্ব পালন করেন। এসময়ে প্রথমবারের মতো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ হতে পুলিশ নারী সদস্যেদের প্রেরণ করা হয় এবং বাংলাদেশ জাতিসংঘ কার্যক্রমে সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্য প্রেরণ (TOP PCC) এর মর্যাদা লাভ করে। এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়িত ছিলেন। তিনি ১১ সেপ্টেম্বর ২০২২ তারিখে অতিঃ আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত হন। পদোন্নতি প্রাপ্ত হয়ে র‌্যাব ফোর্সেস এ যোগদানের পূর্ব পর্যন্ত অত্যন্ত সুনাম ও সাফল্যের সাথে পুলিশ সদর দপ্তরে অতিঃ আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে মৌলিক প্রশিক্ষণ, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) থেকে বুনিয়াদি প্রশিক্ষণ ও বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে মৌলিক সামরিক প্রশিক্ষণ, ভূমি জরিপ অধিদপ্তর হতে ল্যান্ড সার্ভে ও স্যাটেলমেন্ট কোর্স সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রে হাওয়াই অঙ্গরাজ্যস্থ APCSS (Asia Pacific Centre for Security Studies)  থেকে CSC (Comprehensive Security Cooperation) এবং New Maxico অঙ্গরাজ্যে Anti-terrorism Instructor Development Course কোর্সে অংশগ্রহণ, ভিয়েতনামে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কর্তৃক আয়োজিত Asia Region Law Enforcement Management Course (ARLEM) ১৩ তম ব্যাচে Best ARLEM এর সম্মান অর্জন, অষ্ট্রেলিয়ার ম্যানলিতে অবস্থিত AIPM (Australian Institute of Police Management) থেকে Police Management Development Programme-এ গ্রাজুয়েশন ডিগ্রী অর্জন করেন। এছাড়াও চীন, সিংঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে বিভিন্ন কনফারেন্সে অংশগ্রহণ করেন। তিনি কসোভো ও হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োজিত থেকে বিশ্ব শান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। হাইতি শান্তিরক্ষা মিশনে থাকাকালীন ভূমিকম্পে MINUSTAH সদর দপ্তর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় তখন ডেল্টা ক্যাম্পে নতুন স্থাপনা নির্মাণ, হাইতির জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষা, মানব পাচার প্রতিরোধ ও অন্যান্য কার্যাদি সম্পাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখায় জাতিসংঘ পুলিশ পদক লাভ করেন।

অতিঃ আইজিপি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন ও এমবিএ ডিগ্রি অর্জন করেন । এছাড়াও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তিনি কর্মক্ষেত্রে অত্যন্ত সততা, সাহসিকতা, দক্ষতা, বিচক্ষণতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন। ডিআইজি (লজিস্টিকস) থাকাকালীন পুলিশ ও র‌্যাবের জন্য রায়টভ্যান Armoured Personnel Carrier (APC) প্রমিতকরণ, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮, সড়ক পরিবহন আইন ২০১৮, রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন আইনের খড়সা প্রণয়ন, ৯৯৯ নীতিমালা খসড়া প্রণয়ন করেন এবং এসব কাজের বিশেষ কৃতিত্বের জন্য বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) লাভ করেন। এছাড়াও তিনি ডিআইজি ময়মনসিংহ থাকাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে, প্রযুক্তির ব্যবহার, মামলা তদন্তের মান উন্নয়ন, ও কার্যকরী মনিটরিং এর জন্য প্রযুক্তিগত আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ণ কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ ২০২১-২০২২ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here