প্রাণের দাম তো অনেক: জয়া আহসান

নিজস্ব প্রতিনিধি:

কোটা সংস্কার আন্দোলন নিয়ে শুরু থেকে চুপ ছিলেন এপার বাংলা ও ওপার বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে সবর জয়া এই সময়ে কোনো পোস্ট দেননি। জানাননি কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোনো মতামত। দীর্ঘ বিরতি ভেঙে গত রাতে (শুক্রবার, ১ আগষ্ট) স্ট্যাটাসে জয়া লিখলেন, ‘এত এত  তাজা প্রাণের দাম তো অনেক।’

জয়া আহসান লিখেছেন, ‘নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের । যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো, তা অমোচনীয়। কেমন করে পথ চলব আমরা। অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলব কি আমরা!’

গতকাল সরব হয়েছেন দৃশ্যমাধ্যমের কর্মীরা। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। তাঁরা নিজেদের মতামত জানান। দেশের অস্থির অবস্থা নিয়ে মন্তব্য করেন। তার পরেই রাতে জয়া স্ট্যাটাস দেন।

জয়া আরও লিখেছেন, ‘দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখব? কী বলব? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাক্ত আমরা একাকী পথ হাঁটছি? কী এক অমানিশা আমাদের জীবনে নেমে এল? কেমন করে পথ চলব আমরা? কেমন করে? প্রাণগুলো চলে গেছে, বিষণ্নতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম!’

সাম্প্রতিক অবস্থা থেকে পরিত্রাণ চান এই অভিনেত্রী। চান শান্তি। জয়া এ প্রসঙ্গে লিখেছেন, ‘হে ঈশ্বর আলো দাও, সকলের হৃদয়ে। সকল ঘৃণা ক্রোধ ধুয়েমুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা মৃত্যু হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায় কান্নায় যূথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here